দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। তবে ভোটের আগে দেশের অধিকাংশ চা-বাগানেই দেখা মেলেনি কেন্দ্রীয় কমিটির প্রার্থীদের। ভোটের আগেই যারা শ্রমিকদের কাছে পৌঁছাতে পারেননি, নির্বাচিত হওয়ার পর তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কতটা ভূমিকা রাখবেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ভোটাররা।
এদিকে প্রার্থীদের দাবি, প্রচারের সময় অত্যন্ত সীমিত হওয়ায় দেশের ২৩০টি চা-বাগানে গিয়ে সব শ্রমিকের সঙ্গে সরাসরি দেখা করা কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে শ্রম বিশেষজ্ঞ ও শ্রমিকনেতাদের মতে, মূল সমস্যা ইউনিয়নের কাঠামোতে। এত বিশাল পরিসরে একটি মাত্র কেন্দ্রীভূত ইউনিয়ন থাকায় নেতাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের দূরত্ব বাড়ছে এবং জবাবদিহি কমে যাচ্ছে।
নির্বাচন ঘিরে বাগানগুলোতে উৎসবের আমেজ থাকলেও প্রার্থীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের। মুরইছড়া চা-বাগানের শ্রমিক কৌশল্যা উড়াং বলেন, "আমার বাগানে কেন্দ্রীয় কমিটির কোনো প্রার্থীকে আসতে দেখিনি। প্রার্থীদের কথা শুনে ও সরাসরি দেখে ভোট দিতে পারলে ভালো হতো। বিভিন্ন লোক এসে প্রচার চালালেও মূল প্রার্থীরাই আসছেন না।"
তবে দীর্ঘ প্রতীক্ষার পর ভোটের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কমলগঞ্জের মাধবপুর চা-বাগানের প্রবীণ শ্রমিক রবিদাস গোয়ালা। বাগানে এখন ঈদ-পূজার মতো আনন্দ চলছে উল্লেখ করে তিনি জানান, যারা সারা বছর শ্রমিকদের পাশে থাকবেন, তারা তেমন নেতাকেই ভোট দেবেন।
শ্রমিকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যায্য মজুরি, রেশন বৃদ্ধি, বাসস্থান ও বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা। কুলাউড়ার গাজীপুর বাগানের নারী শ্রমিক মালতী নায়েক ও শ্রীমঙ্গলের ভাড়াউড়া বাগানের কার্তিক বাউরি জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে যারা জীবনমান উন্নয়নে আন্তরিক হবেন, তারা তাকেই বেছে নেবেন।
কানিহাটির তরুণ নেতা সৌরভ বিন মনে করেন, মালিকপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দাবি আদায়ে সক্ষম, এমন শিক্ষিত ও সৎ তরুণ নেতৃত্ব প্রয়োজন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ স্বীকার করেন যে, নেতাদের জবাবদিহি নিশ্চিত করতে জনগণের কাছে যাওয়া জরুরি। তবে স্বল্প সময়ের কারণে সব বাগানে যাওয়া কঠিন হচ্ছে জানিয়ে তিনি বলেন, "আধা ঘণ্টা বা এক ঘণ্টার জন্য হলেও প্রতিটি বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।"
আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা জানান, প্রচারের জন্য অন্তত এক মাস সময় প্রয়োজন ছিল। ইতিমধ্যে প্রায় ৮০% বাগানে প্রচার চালালেও সিলেটের অনেক বাগানে এখনও পৌঁছাতে পারেননি তিনি। তার মতে, অনেক প্রার্থীকে শ্রমিকেরা চেনেনই না; তাই আগে পরিচিতি তৈরি করা জরুরি ছিল।
ইউনিয়নের বর্তমান কাঠামো ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন ভারত ও শ্রীলঙ্কার উদাহরণ টেনে জানান, সেখানে একাধিক শক্তিশালী ইউনিয়ন থাকায় শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে। বাংলাদেশে একটি বিশাল কেন্দ্রীয় ইউনিয়নের মাধ্যমে সব শ্রমিকের অধিকার রক্ষা করা কঠিন।
শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত ইউনিয়ন গঠনে কেন্দ্রীয়করণের সমালোচনা করে জেলা বা আঞ্চলিক পর্যায়ে সংগঠনের সুযোগ তৈরির ওপর জোর দেন। নিয়মিত নির্বাচন, অর্থায়নের স্বচ্ছতা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে বলে মত দেন তিনি।
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস মনে করেন, প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের পক্ষে সীমিত মজুরি দিয়ে সারা দেশে প্রচার চালানো অসম্ভব। আট বছর পর হঠাৎ তড়িঘড়ি করে এই নির্বাচনের আয়োজন মূলত মজুরি আন্দোলনকে আড়াল করার কৌশল বলেও মন্তব্য করেন তিনি।
তবে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি সরকারি সহায়তায় গোপন ব্যালটে ভোটের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে প্রতি তিন বছর পর পর নিয়মিত নির্বাচনের সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০-এর বেশি প্যানেলে প্রায় ৭,০০০ প্রার্থীর মধ্য থেকে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
এর মধ্যে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি পঞ্চায়েতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬০,৪৮২ জন শ্রমিক। উপজেলাভিত্তিক ভোটার সংখ্যার মধ্যে শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১৮,৮২২ জন, কমলগঞ্জে ১৪,৪৩০ জন, কুলাউড়ায় ৮,৬৫৬ জন, জুড়ীতে ৭,৮৪৯ জন, রাজনগরে ৫,৭৫২ জন, বড়লেখায় ৩,৮১৭ জন এবং মৌলভীবাজার সদরে ১,১৫৬ জন ভোটার রয়েছেন।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চা শ্রমিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।