রাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি অবিস্ফোরিত ককটেল ও ২,০৫৪ পিস ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৫ জন মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।