নিত্যপণ্য আমদানি-রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও এ বাণিজ্য সহযোগিতার আওতায় থাকবে।

তবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের অর্থ তাৎক্ষণিকভাবে পণ্য আমদানি বা রপ্তানির চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়া নয়। কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। পরবর্তী সময়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি সম্পন্ন করে সরবরাহের শর্ত ও মূল্য নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। এতে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে নতুন সুযোগ সৃষ্টি হবে। চুক্তির কার্যকর বাস্তবায়নে টিসিবি ও টিসিপির মধ্যে নিয়মিত যোগাযোগ এবং প্রস্তাবের সময়োপযোগী মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এর মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে, যা সরবরাহ ব্যবস্থাকে সুসংগঠিত করতে সহায়তা করবে। পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত রয়েছে।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে হাইকমিশনার আরও জানান, বাংলাদেশ থেকে আমদানিকৃত হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে এবং বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে। গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।

টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এ সমঝোতা স্মারক কেবল আনুষ্ঠানিক দলিলে সীমাবদ্ধ থাকবে না; বরং এর মূল লক্ষ্যকে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপান্তর করাই হবে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। সুনির্দিষ্ট পণ্য চিহ্নিতকরণ, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিতকরণ ও সময়মতো সরবরাহের লক্ষ্যে টিসিবি ও টিসিপি নিবিড়ভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে যেকোনো পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে এটি বাতিল করতে পারবে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের সরবরাহ সংকট, মূল্যবৃদ্ধি কিংবা প্রচলিত আমদানি উৎসে অনিশ্চয়তা দেখা দিলে বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের এ কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে দেশের নিত্যপণ্যের বাজারে এর ইতিবাচক প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে পণ্যভিত্তিক চুক্তি, আমদানি ব্যয়, প্রতিযোগিতামূলক মূল্য এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার ওপর।