আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় মিলিত হবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একইসঙ্গে আগামী বছরের শুরুতে বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনার কথাও জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
রেজাউল করিম বাদশা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা ও কার্যক্রম শুরু, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন জাতীয় সংসদে পাস এবং রেললাইন নির্মাণের উদ্যোগ উল্লেখযোগ্য। আগামী মাসে অথবা জানুয়ারিতে রেললাইন নির্মাণের কাজ শুরু হতে পারে।”
তিনি আরও জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মসূচি শেষে বগুড়ায় ফিরে প্রধানমন্ত্রী একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন। এতে জেলা, উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। সভাস্থলে আসনসংখ্যা সীমিত হওয়ায় প্রায় এক হাজার থেকে ১,১০০ জনের অংশগ্রহণের সুযোগ থাকবে।
রেজাউল করিম বাদশা বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে কোনো জেলায় এটিই তারেক রহমানের প্রথম সাংগঠনিক সভা। এ কারণে বগুড়ার জন্য এটি বিশেষ গুরুত্ব বহন করছে। সভায় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নতুন কোনো বার্তা দিতে পারেন বলে তারা প্রত্যাশা করছেন।”
তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, আইনের শাসনভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।”
প্রধানমন্ত্রীর ৫ ডিসেম্বরের সফরসূচি সম্পর্কে রেজাউল করিম বাদশা জানান, ওই দিন তিনি মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধন এবং জনসভায় অংশ নিতে পারেন। পাশাপাশি গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্ট খনন কর্মসূচি ও সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।
এছাড়া বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য এক থেকে দুই মাস পর প্রধানমন্ত্রী আলাদা একটি দিন সময় দেবেন বলে জানান এই সংসদ সদস্য।
তিনি আরও বলেন, “এবারের সফরে বগুড়া জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জেলার সার্বিক বিষয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেখানে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দীর্ঘ ২০ বছর ধরে বঞ্চিত বগুড়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন।”
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে শক্তিশালী করার বিষয়েও একগুচ্ছ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। বগুড়াকে মডেল হিসেবে বিবেচনায় নিয়ে সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনাও জানাবেন তিনি।
অন্যদিকে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর এ সফর শুধু দলীয় কর্মীসভাকে ঘিরে নয়, বগুড়াবাসীর জন্যও আনন্দের উপলক্ষ। প্রধানমন্ত্রী হওয়ার পর নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।”
মোশারফ হোসেন জানান, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি সব উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা ৫ ডিসেম্বরের সাংগঠনিক সভায় অংশ নেবেন। দেশের সার্বিক পরিস্থিতি, উত্তরাঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
বগুড়াকে বিভাগ ঘোষণার দাবির বিষয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বগুড়াকে বিভাগ করা হলে শুধু এ জেলার মানুষ নয়, পুরো উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবেন। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বগুড়াকে বিভাগ করার বিষয়টি সরকারের কাছে তাদের প্রত্যাশা থাকবে।
বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়েও কথা বলেন মোশারফ হোসেন। তিনি জানান, গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বগুড়া বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দীর্ঘ প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরা হয়। আপাতত উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মামুনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন।”
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে বগুড়াজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের দ্বিতীয় বগুড়া সফর।