আবারও বিতর্কে ধামরাই ছাত্রদল সভাপতি, টাকা চাওয়ার কল রেকর্ড ফাঁস

ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন আবারও বিতর্কের মুখে পড়েছেন। সাংগঠনিক নিয়ম ভেঙে ঘোষিত একটি ইউনিয়ন কমিটি স্থগিত করার পাশাপাশি তাকে ও উপজেলা সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এরই মধ্যে কমিটি দেওয়ার বিনিময়ে টাকা চাওয়া এবং এক পদবঞ্চিত কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার দুটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের পাঁচ সদস্যের একটি কমিটি অনুমোদন দেন সভাপতি রাফিজুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসান। তবে ২০২৫ সালের ডিসেম্বরে উপজেলা কমিটি ঘোষণার বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো সাংগঠনিক সিদ্ধান্তে সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি সিনিয়র সহসভাপতি আলী ইমামের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। সুতিপাড়া ইউনিয়ন কমিটির বিজ্ঞপ্তিতে আলী ইমামের স্বাক্ষর না থাকায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রীয় সংসদ কমিটিটি স্থগিত করে।

কমিটি নিয়ে বিতর্কের মধ্যেই একই দিনে ফেসবুকে দুটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। এর একটিতে সভাপতি রাফিজুল ইসলাম রবিন ও উপজেলার বালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী সোহানুর রহমান রাফসানকে কথা বলতে শোনা যায়। কথোপকথনে রবিন পদ পাইয়ে দেওয়ার ‘সিস্টেম’ হিসেবে উপজেলা সাধারণ সম্পাদক জিসান ও অপর এক নেতাকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “হয় টেকা, নাহয় মুরাদ ভাই, এই দুইটা হইলে হইবো।”

এ বিষয়ে পদপ্রত্যাশী সোহানুর রহমান রাফসান বলেন, প্রায় দেড়-দুই মাস আগে কমিটি গঠনের গুঞ্জন উঠলে রবিন তাকে ফোন করে টাকা-পয়সার কথা বলেন। তবে কোনো লেনদেন হয়নি। সম্প্রতি সিনিয়র সহসভাপতির স্বাক্ষর ছাড়াই সুতিপাড়া ইউনিয়ন কমিটি ঘোষণা করায় আশঙ্কিত হয়ে তিনি রেকর্ডটি জ্যেষ্ঠ নেতাদের কাছে পাঠান।

রেকর্ডে নিজের নাম জড়ানো প্রসঙ্গে উপজেলা সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসান বলেন, “আমি রেকর্ডটি শুনেছি। আমাকে টাকা দিতে হবে এমন কথাও শুনেছি। কিন্তু আমি এ বিষয়ে কিছুই জানি না। ধামরাইয়ের মানুষ জানে, আমি কোনো টাকা-পয়সার বিষয়ে নেই।”

অন্যদিকে কল রেকর্ডের অভিযোগ অস্বীকার করে রাফিজুল ইসলাম রবিন বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কথোপকথন সম্পাদনা (এডিট) করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান। আর সিনিয়র সহসভাপতির স্বাক্ষর না থাকা প্রসঙ্গে রবিনের দাবি, ওই নেতা দীর্ঘদিন ধরে দলীয় কোনো কর্মসূচিতে না আসায় এবং জ্যেষ্ঠ নেতাদের পরামর্শেই তারা কমিটি ঘোষণা করেছিলেন।

২০২৫ সালে উপজেলা কমিটি গঠনের পর থেকেই রবিনের বিরুদ্ধে একাধিক বিতর্কের অভিযোগ রয়েছে। গত আগস্টে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নে এক ব্যবসায়ীকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া সেপ্টেম্বরে তার বিরুদ্ধে জমি দখল ও ব্যবসায় অংশীদারত্ব দাবির অভিযোগ ওঠে।

সম্প্রতি ফাঁস হওয়া অপর একটি পুরোনো অডিও রেকর্ডে ধামরাই ছাত্রদলের পদপ্রত্যাশী মো. সজীব হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিতে শোনা যায় রবিনকে। সজীব হোসেন অভিযোগ করেন, ত্যাগী কর্মী হয়েও তিনি মূল্যায়ন পাননি; বরং টাকার বিনিময়ে কমিটি দেওয়া হচ্ছে। প্রতিবাদ করায় রবিন তাকে হুমকি দিয়েছেন বলে দাবি করেন তিনি। তবে রবিন এই অভিযোগও অস্বীকার করেছেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, “কেন্দ্রীয় কমিটির অনুমতি ও সিনিয়র সহসভাপতির স্বাক্ষর ছাড়াই ইউনিয়ন কমিটি করায় তাদের শোকজ করা হয়েছে। এ ছাড়া কল রেকর্ডের মতো অনৈতিক বিষয়গুলো দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমরা এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেব।”

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যেসব অভিযোগ এসেছে, তদন্ত করে সেগুলোর সত্যতা পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”