মাদক নেওয়ার ‘শাস্তি’, পড়তে হবে ‘অসমাপ্ত আত্মজীবনী’

মাদক মামলার রায়ে এবার বই পড়ার সাজা দেওয়া হয়েছে এক শিশু আসামিকে। এজন্য তাকে পড়তে হবে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” ও “আমার দেখা নয়া চীন” বই দুটি।এছাড়াও এক বছরের প্রবেশনেও থাকতে হবে ওই শিশু আসামিকে। 

অভিনব এ শাস্তিটি দেওয়া হয়েছে মেহেরপুর আদালতে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক তৌহিদুল ইসলাম এই রায় দেন। 

বিচারক রায়ে বলেন, “বই পড়াসহ ১৩টি শর্ত আসামিকে মেনে চলতে হবে। এরপর তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।” 

শর্তগুলোর মধ্যে রয়েছে- ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকা, মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট না থাকা ও লেখাপড়ায় মনোযোগী হওয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু আসামির প্রবেশন কর্মকর্তা হিসেবে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের সাজ্জাদুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

 ২০১৯ সালের ২২ জুন ৩০০ গ্রাম গাঁজাসহ শিশুটিকে আটক করে পুলিশ। গাংনী থানায় তার নামে মাদকের মামলা হয়। আসামির বয়স ১৮ বছরের কম। তাই বিচার হয় এই ট্রাইব্যুনালে।