বাংলাদেশকে ফাইজারের আরও ৯৬ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ২ কোটি ৮০ লাখ ডোজ টিকা অনুদান দিলো।
শনিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমেরিকান জনগণ তাদের উদার ভালোবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য আরও ৯৬ লাখ টিকা ডোজ উপহার দিয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে করোনাভাইরাস মোকাবিলায় গত ৩ বছরে আমরা একসঙ্গে কাজ করার যে গর্ব; আমি অন্য কোনো কিছুতেই খুঁজে পাই না। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশকে ২ কোটি ৮০ লাখ ডোজেরও বেশি টিকা বিনামূল্যে প্রদান করেছে, আরও টিকা আসার পথে রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুদানের এই টিকা ২০২২ সালে শত কোটি ডোজ টিকা বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতির অংশ।
বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রচেষ্টাকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ৪ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার কোটি টাকা সহায়তা করেছে। যার মধ্যে রয়েছে আল্ট্রা-কোল্ড চেইন পদ্ধতিতে কোভিড টিকা সংরক্ষণ, পরিবহন, নিরাপদ ব্যবস্থাপনা।