“YY ভেঞ্চারস” থেকে বিনিয়োগ পেলো বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ “বেস্ট এইড লিমিটেড”। এ তথ্য জানিয়েছেন বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।
রবিবার (২৩ জানুয়ারি) গ্রামীণ টেলিকম ভবনে “YY ভেঞ্চার”-এর অফিসে চুক্তি স্বাক্ষর করেন “বেস্ট এইড”-এর সিইও জনাব মীর হাসিব মাহমুদ ও “YY ভেঞ্চার”-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম খাইরুল ইসলাম।
এ বিষয়ে বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, “বিনিয়োগের বিষয়ে ২০২১ সালে থেকে YY ভেঞ্চারের সঙ্গে আমাদের কথা চলছিল। সর্বশেষ ২০২২ সালের জানুয়ারি মাসে এসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে YY ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আগামী কয়েক মাসের মধ্যেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো।”
এছাড়াও “সাধারণ সেবা” এবং “IOT”-এর মাধ্যমে কিভাবে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যায় সে বিষয়ে তাদের গবেষণা চলছে বলেও জানান তিনি।
বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, “সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। আমরা এখনই কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং YY ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বেস্ট এইড”-এর প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও “YY ভেঞ্চার”-এর ফাইন্যান্স এবং একাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।
প্রসঙ্গত, “বেস্ট এইড” ২০২০ সাল থেকে বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে আসছে। বর্তমানে তাদের ১৩ জনের একটি টিম এবং ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি প্যানেল রয়েছে। এছাড়াও ১০০ জনের বেশি এজেন্ট এবং ইন্টার্ন এম্বাসেডর রয়েছেন ৭০ জন।
এখন পর্যন্ত বেশ কয়েকটি সাফল্য অর্জন করেছে “বেস্ট এইড”। সেগুলোর মধ্যে রয়েছে- আইসিটি ফান্ড, জাতীয় কোভিড পোর্টালে অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রনারশিপ ওয়ার্ল্ডকাপ-২০২১ ফাইনালিস্ট, ইম্যাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর-২০২১ এর প্রথম রানারআপ, ইমপ্যাক্ট হাব গ্লোবাল কো হোর্ট এর ফাইনালিস্ট।