বরগুনার চর থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনা জেলার আমতলী উপজেলাধীন বুড়িশ্বর নদীর আমুয়ার চরে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সমাজসেবক মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ৫ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির এই মৃত ডলফিনটি দেখতে পান নদীতে গোসল করতে যাওয়া স্থানীয় কিছু শিশু-কিশোর।

শুরাত গাজী নামের প্রত্যক্ষদর্শী এক জেলে জানান, মৃত ডলফিনটির শরীরের উপরিভাগের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সাগরে মৃত্যু হওয়া ওই ডলফিনটি জোয়ারে ভেসে ওই চরে এসেছে।

স্থানীয় সমাজসেবক মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার বলেন, “খবর পেয়ে ডলফিনটি দেখতে গিয়েছিলাম। স্থানীয় লোকজনকে ডলফিনটি মাটিচাপা দিতে বললেও তারা সেটি না করে জোয়ারের পানিতে ভাসিয়ে দিয়েছে।”

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, “ডলফিন ভেসে আসার কোনো খবর পাইনি। প্রত্যক্ষদর্শীদের উচিত ছিল মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া।”