Powered by Froala Editor

জিপিএ ৫: গত চার বছরকে ছাড়িয়ে গেছে কুমিল্লা শিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষার ফলাফলে বিগত চার বছরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাকে এ বছর ছাড়িয়ে গেছে কুমিল্লা শিক্ষা বোর্ড।

এ বছর কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ লাখ ১১ হাজার ৬৮০ জন। ফলাফল অনুযায়ী, গড় পাসের হার ৯৭.৪৯%।  

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান রবিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলন এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণার সময় এ সব তথ্য জানান।

তিনি জানিয়েছেন, এ বছর মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। এর আগে, ২০১৭ সালে ৬৭৮ জন, ২০১৮ সালে ৯৪৪ জন, ২০১৯ সালে ২ হাজার ৩৭৫ জন এবং ২০২০ সালে ৯ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

অর্থাৎ গতবারের তুলনায় এবার আরও ৪ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭.১১%। এ বিভাগে ২৪ হাজার ৯৭৪ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৪ হাজার ২৫৩ জন শিক্ষার্থী। 

এছাড়া, মানবিক বিভাগে পাসের হার ৯৮.৬%। এ বিভাগে ৫৪ হাজার ৪১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৫৩ হাজার ৩৬২ জন.

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৬.৮৭%। এ বিভাগে ৩৫ হাজার ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪ হাজার ৬৫ জন।

কুমিল্লা বোর্ডের ফলাফলে এ বছর এগিয়ে রয়েছেন মেয়েরা। মেয়েদের পাসের হার ৯৭.৮৯% এবং ছেলেদের পাসের হার ৯৭%। এ বছর ৩৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। তবে, কোনো প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। 

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, “জিপিএ-৫ ও পাশের হারে আমি অত্যন্ত খুশি। বিগত বছরগুলোয় যে সব বিষয়ে পরীক্ষার্থীরা পিছিয়ে ছিল সগুলোতে জোর দেওয়ায় বছর ফলাফল ভালো হয়েছে।”