বসন্তের প্রথম মাস ফাল্গুনের আগমনে দেশে স্বাভাবিক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা বাড়তে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে।