সমু্দ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে উদ্ধার ১৪৯ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) ভোরে তিনটি বাসে করে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় তাদের।
এরআগে, সোমবার বিকেলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে এসব রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ।
উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগিতায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো হচ্ছিল বলে জানায় পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছে, কয়েকদিন আগে থেকে এসব রোহিঙ্গাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে একটি বড়ো ইঞ্জিনচালিত বোটে তোলে দালাল চক্র। পরে তাদের সোমবার দুপুরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়ে চক্রটি বোট নিয়ে পালিয়ে যায়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মহেশখালীর সোনাদিয়া দ্বীপ প্রথমে ১৩৫ জন, পরে রাতে আরও ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার এসব রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসান চরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালরা কৌশলে মালয়েশিয়া নিয়ে যেতে মহেশখালীর সোনাদিয়ায় জড়ো করে তাদের। এ সময় খবর পেয়ে সোনাদিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, এরমধ্যে ২২ হাজারেরও বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।