আবহাওয়া পরিবর্তন ও তীব্র গরমের কারণে সাম্প্রতিক সময়ে সারা দেশের বিভিন্ন অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। চলমান ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় ঢাকার ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার উপযোগী কলেরা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গর্ভবতী নারী ব্যতিত ১ বছরের ঊর্ধ্ববয়সী সবাইকেই এ টিকার আওতায় আনা হবে।
বুধবার (১৩ এপ্রিল) দেশের চলমান ডায়রিয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, মে মাসে দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে। তখন সব মিলিয়ে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তীতে জুনে এ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রথম ধাপে ঢাকার যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ- এ পাঁচটি এলাকায় টিকা কার্যক্রম পরিচালনা করা হবে।