সম্রাটের কামড়ে মৃত্যুশয্যায় নদী

কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সিংহ সম্রাট আর সিংহী নদী। গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে পার্কের বেষ্টনীতে হঠাৎ দুজন ক্ষিপ্ত হয়ে একে অপরকে আক্রমণ শুরু করে। এতে উভয়েই গুরুতর আহত হয়। পরে পার্ক কর্তৃপক্ষ তাদের চিকিৎসা শুরু করে। এতে সম্রাট কিছুটা সুস্থ হয়ে উঠলেও সিংহী নদী মৃত্যুশয্যায় রয়েছে।

সাফারি পার্কে দায়িত্বে নিয়োজিত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভন নন্দী বলেন, বেষ্টনীতে থাকা একটি সিংহ ও সিংহীর মধ্যে কলহ হয়।সিংহ সম্রাট ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও মারাত্মক আহত মারাত্মক আহত নদী নামের সিংহীটার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

পার্ক সুত্র জানায়, পার্কের রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল চিকিৎসা ও পার্কের হাতেম সাজ্জাত জুলকারনাইনের তত্ত্বাবধানে আহত সিংহ ও সিংহীর চিকিৎসা চলছে।

গত ২৭ মার্চের পর থেকে সিংহী নদী খাবার গ্রহণ করছে না। তার গলার নিচু অংশে নিয়মিত পানি ও গাল দিয়ে লালা ঝরছে। অনেকটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ফলে দিন দিন সিংহীটি শুকিয়ে যাচ্ছে। সারাক্ষণ জিহ্বা বের করে রাখছে এবং লালা ঝরার পরিমাণ বেড়েই চলছে।

এদিকে, সিংহ নদীকে সুস্থ করার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পার্কের ভেটেরিনারী অফিসারসহ ৪ জনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভন নন্দী আরও জানান, এর আগে বার্ধক্যজনিত কারণে ২২ বছর বয়সী সোহেল নামের একটি সিংহ মারা গিয়েছিল। এখন রাসেল (১৩), টুম্পা (১০) ও সম্রাট (১০) সুস্থ অবস্থায় থাকলেও যেকোনও মুহূর্তে জীবন প্রদীপ নিভে যেতে পারে নদীর।