ওসি প্রদীপের স্ত্রীর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি করণের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ মে) বিকেলে তিনি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মুন্সী আবদুল মজিদ তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক।

তিনি জানান, বরখাস্ত ওসি প্রদীপের স্ত্রী চুমকি করণের পাথরঘাটায় একটি ছয়তলা বাড়ি এবং চট্টগ্রামের ষোলশহর এলাকায় আরেকটি বাড়ি রয়েছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, ৪৫ ভরি স্বর্ণ এবং কক্সবাজারে আরেকটি ফ্ল্যাট রয়েছে। তার ২ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ সম্পদের সত্যতা পেয়েছে দুদক।

তিনি আরও জানান, চুমকি নিজেকে মাছ ব্যবসায়ী বলে দাবি করলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এর আগে ওই বছরের ২৬ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন অভিযোগপত্র জমা দেন। ওই অভিযোগের শুনানি হয় একই বছরের ১ সেপ্টেম্বর।

একই বছরের ২৯ জুন চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্ব দেন।

গত বছরের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ দখলের জবানবন্দিতে উল্লেখিত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। বর্তমানে ওই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।