টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেইজ এবং গ্রুপে র্যাগিং নিয়ে লোমহর্ষক কিছু ঘটনার কথা জানার পর ছাত্রলীগের উদ্যোগে এ ক্যাম্পেইন করা হয়।
মঙ্গলবার (২৪ মে) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা এই ক্যাম্পেইন করে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মানিক শীল ঢাকা ট্রিবিউনকে বলেন, “প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তির তিন মাস পেড়িয়ে গেলেও তাদের মধ্যে এখনও র্যাগিং আতঙ্ক বিরাজ করছে। মূলত অসুস্থ মস্তিষ্কের কিছু ইমেডিয়েট সিনিয়রদের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য ক্ষুব্ধ। তাই এই র্যাগিং ভীতি বিশ্ববিদ্যালয় থেকে দুর করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীদেরও নিজেদের ক্যাম্পাসে নিরাপদে বিচরণের অধিকার আছে। এরপর আর কোনো র্যাগিংয়ের ঘটনা ঘটলে আমরা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।”