দেশজুড়ে করোনাভাইরাস টিকার সপ্তাহব্যাপী বিশেষ বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত চলা এই কার্যক্রমে এক কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ টিকার আওতায় আনার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের।
শনিবার (৪ জুন) সকাল ৯টা থেকে এই বুস্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বুস্টার ডোজ সপ্তাহ আজ থেকে শুরু হয়েছে। এ সময়ে এক কোটির ওপরে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুস্টার ডোজ নেওয়ার উপযুক্ত প্রায় চার কোটি মানুষ আমাদের এখনো অপেক্ষমাণ রয়েছেন।”
এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।
এই সাত দিনের যেকোনও দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।
সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এজন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে মোট ১৬ হাজার ১৮১টি টিকা কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন।