সিইসি: নির্বাচন কমিশন বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়নি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন কোনো আইন ভঙ্গ করেননি। তিনি নির্বাচন কমিশনের (ইসি) কোনো নির্দেশ ভঙ্গ করেননি। আর তাকে নির্বাচন কমিশনও এলাকা ছাড়ার কোনো নির্দেশ দেয়নি।

সোমবার (২০ জুন) সকালে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন বিষয়ে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমরা নির্বাচন সুষ্ঠু করার জন্য কিছু অনুরোধ বা অভিযোগ পাচ্ছিলাম যে তিনি (বাহাউদ্দিন) কৌশলে প্রচারণা করছেন। তারপর আমরা আমাদের আইনকানুন দেখেছি। আমরা কিন্তু কোনো লোককে তার এলাকা ছাড়ার নির্দেশ দিতে পারি না। আমরা তাকে নির্দেশ দেইনি। বিনীতভাবে অনুরোধ আর আদেশকে যদি এক করে দেখেন! কারণ, আমরা কিন্তু বেআইনিভাবে আদেশ করতে চাই না।”

প্রসঙ্গত, গত ৮ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ক্ষমতাসীন আওয়ামী লীগের কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্যকে ইসি থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। তবে তিনি এলাকা ছাড়েননি। উল্টো তাকে এলাকা ছাড়তে বলে সিইসি ভুল করেছে বলে জানান।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, “আগে একজন মন্ত্রীকে এক ঘণ্টার নোটিশে বের করে দেওয়া হয়েছিল। তিনি বাইরে থেকে এসে প্রচার চালিয়েছিলেন। বাহাউদ্দিন দিনাজপুরের লোক নন, তিনি কুমিল্লার লোক। তাকে আমরা স্থান ত্যাগ করতে বলতে পারি না এবং বলিনি। কাজেই তিনি কোনো কিছু ভঙ্গ করেননি। আমরাও কোনো ব্যর্থ হইনি। আমরা তাকে অনুরোধ করেছি, তিনি তা রক্ষা করতেও পারেন, নাও করতে পারেন। অনুরোধ আর আদেশকে একাকার করে ফেললে হবে না।”

দুজন নির্বাচন কমিশনার কুমিল্লায় গিয়ে বলেছেন, “বাহাউদ্দিন আইন ভঙ্গ করেছেন। এ বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, যখন আপনারা প্রশ্ন করতে থাকেন, উনি কেন আমরাও ঘাবড়ে যাই। আইনকে গাইন বলি। গাইনকে আইন বলে ফেলি। এটা হয়তো আপনারা বলেছেন, আদেশ করেছেন, আদেশ মানছে না কেন? তিনি হয়তো বলেছেন, তিনি না মানলে আমরা কী করব!”

চিঠির শেষে অনুরোধের কথা বলা থাকলেও এলাকা ত্যাগ করার কথাও উল্লেখ ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা অনেক শব্দ ভুল বলতে পারি। কিন্তু শেষ বাক্য, যেখানে বলা হয়েছে, আপনাকে বিনীতভাবে অনুরোধ করা হলো। অনুরোধ ও আদেশের মধ্যে যে পার্থক্য আছে, সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন।”

গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুকে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক।