চায়ের দোকানের সামনেই স্ত্রীর মুখে লাথি, চুলধরে টানা-হেঁচড়ার ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে এক নারীকে নির্যাতনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তার স্বামী শাহাদাত হোসেনকে (২৮) গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ।

সোমবার (২২ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত শাহাদাত হোসেন পেশায় রাজমিস্ত্রী। তিন লাখ টাকা যৌতুকের দাবিতে তিনি তার স্ত্রীকে (তিন সন্তানের জননী, ২২) প্রতিনিয়ত নির্যাতন করে আসছিলেন। 

রবিবার সকালে বাড়ির পাশের একটি দোকানের সামনে স্ত্রীকে বেত্রাঘাত, চড়, মুখে লাথি এবং চুলধরে টানা-হেঁচড়া করেন শাহাদাত। এক প্রত্যক্ষদর্শী ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। 

বিষয়টি নজরে এলে স্থানীয় এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের সহযোগিতায় শাহাদাতকে ওইদিন বিকেলেই থানায় নিয়ে যায় দেবিদ্বার থানা পুলিশ।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ঢাকা ট্রিবিউনকে জানান, “নারী নির্যাতনের ভিডিওটি দেখার পর স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় নির্যাতনকারী শাহাদাতকে আটক করে থানায় নিয়ে আসি। নির্যাতিতা নারীর চিকিৎসার ব্যবস্থা করেছি। তিনি বাদী হয়ে মো. শাহাদাত হোসেনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”