জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়: দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, রাজবাড়ী, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার অধিকাংশ এলাকা একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিড ট্রিপ করে (বিপর্যয় ঘটে)। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের (পিজিসিবি) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলা ট্রিবিউন।

এসব এলাকার বিদ্যুৎ সঞ্চালন কখন স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না সংশ্লিষ্ট সংস্থাগুলো।

পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের (পিজিসিবি) এক কর্মকর্তা বলেছেন, “গ্রিড ট্রিপ করেছে, সমাধানে কাজ চলছে। কতক্ষণ এমন পরিস্থিতি চলবে বলা যাচ্ছে না।”

পিজিসিবির জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন বলেছেন, “যমুনার এ পাড়ের (দক্ষিণ-পূর্বাঞ্চলের) জেলাগুলোতে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এরমধ্যে কোন কোন জেলা রয়েছে, তা এখনও জানা যায়নি।”

ঢাকার বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেছেন, “বিদ্যুৎ বিপর্যয়ের এ ঘটনা ঘটেছে দুপুর ২টার দিকে। আমাদের বুঝতে কিছুটা সময় লেগেছে। সমস্যা সমাধানে পিজিসিবি চেষ্টা করছে। এই মুহূর্তে ঢাকা শহরের প্রায় সব জায়গাই বিদ্যুৎবিহীন।”