নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৪ অক্টোবর) নবীগঞ্জ খেয়াঘাটে রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
মৃতরা হলো– জিম, শাওন ও রিফাত। তাদের আনুমানিক বয়স ১৭-১৮ বছর। তাদের সবার বাড়ি শহরের খানপুর এলাকায়।
স্বজন ও স্থানীয়রা জানান, ১০ জন মিলে নবীগঞ্জ এলাকার মেলা দেখে ফেরার পথে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। তারা সবাই নৌকার সামনের দিকে অবস্থান করছিল। মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন জন নিখোঁজ ছিল, বাকিরা সাঁতরে উপরে ওঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে জানতে পেরেছি। পরে কেউ নিখোঁজ রয়েছে দাবি করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।”
তিনি আরও বলেন, “১০-১২ জন বন্ধু মিলে নৌকায় করে নদী পারাপার হচ্ছিল। ধারণা করা হচ্ছে, মাঝনদীতে যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে গেছে।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, “নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আর কোনো নিখোঁজের দাবিদার নেই। নৌকায় প্রায় ১০ জনের অধিক যাত্রী ছিল। নৌকাটি কীভাবে ডুবেছে তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে কোনো নৌযান নৌকাটিকে ধাক্কা দেয়নি বলে জানতে পেরেছি।”