ভোলার মেঘনা নদীতে দুটি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় “এসভি সাগর নন্দিনী-২” নামে একটি জ্বালানিবাহী জাহাজের তলা ফেটে গেছে। ফলে জাহাজটি নদীতে অর্ধ-নিমজ্জিত অবস্থায় রয়েছে। নদীতে ছড়িয়ে পড়ছে ডিজেল।
রবিবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে মেঘনার ভোলা সদরের কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার ডিজেল রয়েছে। কোস্টগার্ড ওই জাহাজের ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে।
বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রবিবার ভোর রাতে মেঘনা নদীর কাঠির মাথা নামে জায়গায় নোঙর করা আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত নদীতে ঘন কুয়াশা থাকার কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইলিশা নৌ-থানার ইনচার্জ আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্টগার্ড ডিজেল অপসারণের চেষ্টা করছে। দুর্ঘটনাকবলিত স্থানটিতে নৌ-পুলিশের কাজ চলমান রয়েছে।