মতিঝিলে আবাসিক হোটেলের বেলকনি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিলের রাহমানিয়া ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেল ভবনের ১১ তলার বেলকনি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রয়ারি) রাতে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি, তবে তার বয়স আনুমানিক ৫০ বছর। 

 মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, “সোমবার রাতে খবর পেয়ে ফকিরাপুল কালভার্ট রোডের হোটেল রাহমানিয়া ইন্টারন্যাশনালের ২০ তলা ভবনের ১১ তলার বেলকনি থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “লোকটি ওই ভবনের উপরের কোনো ফ্লোর থেকে এগারো তলার বেলকনিতে পড়েছে। সে লাফিয়ে পড়েছে নাকি কেউ তাকে মেরে সেখানে ফেলে দিয়েছে তা তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

নিহতের পরিচয় জানার চেষ্টা করে যাচ্ছে পুলিশ উল্লেখ করে তিনি বলেন, “ফিঙ্গার প্রিন্টের জন্য সিআইডি ক্রাইম সিনকে সংবাদ দেওয়া হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”