রাজধানীর কাপ্তানবাজার ও জয়কালী মন্দিরের কাছাকাছি হানিফ ফ্লাইওভারের নিচে অস্থায়ী দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার দিবাগত রাত (২৭ মার্চ) ৩টা ২০ মিনিটের দিকে এ আগুন লাগে। ভোর ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসেন দোলন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ৩টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে, এ ঘটনায় ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
দগ্ধরা হলেন- কান্তা (৬০),গীতা রানী দে (৬৫), রাজু (৩৬) ও আফজাল (৫২)। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
এদিকে এই আগুনে হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
সোমবার ভোর পাঁচটায় ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ফায়ার তিনি বলেন, “আগুনে হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা পরীক্ষা করে দেখবো কতটা ক্ষতি হয়েছে।”
তিনি জানান, হানিফ ফ্লাইওভারের নিচে ওই অংশে দুটি শেডে সুইপারদের ৪২টি ঘর ছিল। এর মধ্যে ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। বর্তমানে যারা এখানে বসবাস করছে, তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তা না হলে ভবিষ্যতেও এমন আগুনের ঘটনা ঘটবে।
মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “টিনশেড মার্কেটে আগুন লাগে। সেখানে অনেক পুরোনো দাহ্য পদার্থ ছিল। এ ছাড়া গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হতো। আমরা প্রথমেই চেষ্টা করেছি আগুন যেন ছড়িয়ে না পড়ে।”