ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডিএনসিসি এলাকায় কেউ গাছ কাটতে চাইলে তার হাত কেটে দেওয়া হবে। কেউ গাছ কাটতে চাইলে তাকে সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিতে হবে।
সোমবার (৮ মে) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ডিএনসিসি মেয়র'স কাপ টুর্নামেন্টের ভলিবল ইভেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘‘যারা গাছ কাটে তাদের প্রতি আমার বার্তা– যদি কেউ গাছ কাটে আমি তাদের হাত কেটে দেবো। সে যেই হোক না কেন, আমার সঙ্গে কথা বলবে। আমি তাদের সঙ্গে বসব।''
প্রয়োজনে পরিকল্পনা করে গাছ কাটতে হবে জানিয়ে মেয়র বলেন, ‘‘এই মাঠের পূর্বদিকে গাছ কাটার পরিকল্পনা ছিল। আমি গাছ না কেটে গাছের মাঝ দিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা করে দিয়েছি। রাস্তাটা বড় করে লাভ নাই। পার্কিংয়েরও বন্দোবস্ত করতে হবে। তাই গাছ গাছের জায়গায় আছে। দু-একটা গাছ কাটা যাবে না তা না, কিন্তু তা আমরা প্ল্যান করে করব। গাছ যদি কেউ কাটতে চায়, সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে।''
এর আগে ভলিবল ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য মেয়র'স কাপের আয়োজন করছি।''
তিনি বলেন, ‘‘খেলাধুলার জন্য মাঠ প্রয়োজন। আমরা সিটি কর্পোরেশন থেকে ইতোমধ্যে অনেক মাঠ উন্নয়ন করে উন্মুক্ত করে দিয়েছি।''
ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলায় অংশ নিতে হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘‘আমি চাই ছেলেদের সঙ্গে আমাদের মেয়েরাও মাঠে খেলাধুলা করবে। মেয়েদের উৎসাহিত করতে মেয়র'স কাপের এবারের আসরে যুক্ত করেছি মহিলা ভলিবল ও মহিলা ক্রিকেট ইভেন্ট।''