শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পরই ঘূর্ণিঝড় “মোখা”র কারণে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে।
সোমবার (১৫ মে) ঢাকা সরকারি টিচার ট্রেনিং কলেজে “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩”র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রসঙ্গত, ঘুর্ণিঝড় “মোখা” উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের রবিবারের (১৪ মে) পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে দেশের সকল বোর্ডেরই সোমবারের (১৫ মে) পরীক্ষাও স্থগিত করা হয়।
স্থগিত পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা যেদিন শেষ হবে, তার পরপরই স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
আগামী ২৩ মে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। একই দিন শেষ হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) তত্ত্বীয় পরীক্ষাও।