ঢাকার সাভারে ঋণের টাকা তুলতে গিয়ে খুন হয়েছেন রেজাউল করিম (৪০) নামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মী। তিনি ব্র্যাকের স্থানীয় একটি শাখার ফিল্ড অফিসার ছিলেন। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সাভার ট্যানারি ফাঁড়ি ইনচার্জ রাসেল মোল্লা ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। বুধবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালী পাড়া এলাকায় মো. আসাদুজ্জামানের বাসার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহত রেজাউল করিমের বাড়ি পাবনার ভাঙুরা উপজেলায়। এ ঘটনায় গ্রেপ্তার শাহিন আলীর (২২) বাড়ি রাজশাহীতে। তিনি পেশায় পোশাক শ্রমিক।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ি ইনচার্জ রাসেল মোল্লা জানান, বুধবার বিকেলে ভাওয়ালীপাড়ার ওই বাড়িতে ঋণের কিস্তি সংগ্রহের জন্য গিয়েছিলেন এনজিওকর্মী রেজাউল। সন্ধ্যার দিকে বাড়িটির সিঁড়ির নিচে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বরে কল করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, প্রাথমিকভাবে অণ্ডকোষে আঘাতের কারণেই রেজাউলের মৃত্যু হয়েছে।
ফাঁড়ি ইনচার্জ, খুনের ঘটনায় জড়িত সন্দেহে বুধবারই একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।