জাতীয় ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে আসার আহ্বান

জাতীয় ঈদগাহে যারা ঈদ-উল-আজহার নামাজ পড়তে যাবেন, তারা শুধু জায়নামাজ ও ছাতা সঙ্গে নিতে পারবেন। এছাড়া ব্যাগজাতীয় অন্য কিছু নিয়ে ঈদগাহে না যাওয়ার অনুরোধ রেখেছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (২৮ জুন) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদগাহের বদলে আধাঘণ্টা পিছিয়ে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, “এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ ৩০ থেকে ৩৫ হাজার লোক ঈদ-উল-আজহার নামাজ আদায় করবেন। যারা ঈদগাহে আসবেন, তারা শুধুমাত্র জায়নামাজ আর ছাতা সঙ্গে নিয়ে আসবেন। অন্য কোনো লাগেজ বা ব্যাগ না নিয়ে আসার জন্য অনুরোধ করছি।”

ডিএমপি কমিশনার বলেন, “বৃষ্টির দিনে সবার সঙ্গে ছাতা থাকা বাঞ্ছনীয়। আর আবহাওয়া যদি আরও দুর্যোগপূর্ণ না হয়, তাহলে মুসল্লিরা এই অবস্থায় নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন।”

তিনি আরও বলেন, “রাজধানীর যেসব জায়গায় গুরুত্বপূর্ণ জামাত অনুষ্ঠিত হবে, সেসব জায়গায় ডিএমপি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগা মাঠে প্রবেশ করতে হলে সবাইকে আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঢুকতে হবে।”