কয়লা নিয়ে পায়রা বন্দরে আরও এক জাহাজ

পটুয়াখালীর পায়রা বন্দরে ৩৬,৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এবার ভিড়েছে “এমভি পাভো ব্রেভ” নামের আরও একটি বিদেশি জাহাজ। পানামার পতাকাবাহী জাহাজটিকে বন্দরের ভেতরে নোঙর করার জন্য নিয়ে আসা হচ্ছে।

রবিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানী।

তাপবিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি দ্বিতীয় জাহাজ। এর আগে ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে “এমভি অ্যাথেনা” নামের একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, জাহাজটি থেকে ইতোমধ্যে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। ৫,০০০ মেট্রিক টন কয়লা খালাসের পর জাহাজটি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে ভেড়ানো হবে। এরপর বাকি কয়লা খালাস করা হবে।