লাঙ্গলবন্দ স্নানোৎসবে ২০ পুলিশ সদস্যসহ ডায়রিয়ায় আক্রান্ত ৩৩

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নানোৎসবে দায়িত্বরত  ২০ পুলিশ সদস্যসহ ৩৩ জন  ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

শনিবার (৯ এপ্রিল) বিকেলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা. আলাউল দীপু ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২২ জন পুরুষের ২০ জনই পুলিশ সদস্য। বাকি ১১ জন নারী। আক্রান্তদের মধ্য থেকে ৯ জন ইতোমধ্যে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। বাকিদের অবস্থা ভালো আছে।

হঠাৎ করে এত অসুস্থ হওয়ার কারণ জানতে চাইলে আরএমও ডা. আলাউল দীপু বলেন, ‘‘বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। কেউ বলছে, ইফতারে ছোলা ভালো ছিল না। কেউ বলছে, ঝালমুড়ি খেয়েছিল। তবে আমরা মনে করছি, সবাই একই টয়লেট ব্যবহারের কারণে সংক্রমণ ছড়িয়েছে।’’


আরও পড়ুন



জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, ‘‘বন্দরে লাঙ্গলবন্দে স্নানোৎসবের দায়িত্বপালনকালে সকালে একে একে ১৫-১৬ পুলিশ সদস্যের পেট ব্যথা ও বমির সমস্যা দেখা দেয়। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  বর্তমানে সকলে সুস্থ আছেন।’’