বিজ্ঞান শেখাতে গিয়ে ‘ধর্ম অবমাননা’, অভিযোগ থেকে মুক্তি পেলেন হৃদয় মন্ডল

মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে শ্রেণিকক্ষে বিজ্ঞান শেখাতে গিয়ে “ধর্ম অবমাননা”র অভিযোগ ওঠে। এই অভিযোগে মামলা হলে তাকে গ্রেপ্তারও করে পুলিশ। সমালোচনার মুখে তাকে জামিন দেওয়া হয়।  

বুধবার (১৭ আগস্ট) মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক জশিতা ইসলাম হৃদয় চন্দ্র মণ্ডলকে ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

হৃদয় চন্দ্র মণ্ডলের পক্ষের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানউল্লাহ জানান, মঙ্গলবার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শিক্ষক হৃদয় মণ্ডল। বুধবার আদেশের কাগজপত্র পেয়েছি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তাকে অযথাই হয়রানি করা হয়েছে।

তবে, রায়ের ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছিলেন। বিজ্ঞান ও ধর্মের দৃষ্টিভঙ্গিগত ফারাক নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন হৃদয় মণ্ডল। সেই আলোচনা রেকর্ড করে ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা হয়। গত ২২ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তার নিয়ে তখন দেশ জুড়ে ব্যাপক সমালোচনা হয়। গত ১০ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি।

আরও পড়ুন