বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যু: মামলা, বান্ধবী গ্রেপ্তার

তিনদিন নিখোঁজ থাকার পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর সন্ধ্যার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফারদিনের আমাতুল্লাহ বুশরা নামে এক বান্ধবীসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেছেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

মামলা হওয়ার পরে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনশ্রী থেকে বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমরা এই ঘটনায় বেশকিছু আলামত ধরে কাজ করছি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। গ্রেপ্তার বুশরাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশ ও মৃতের স্বজনরা বলছেন, মেয়েটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ৪ নভেম্বর রাতে তাকে রামপুরা ট্রাফিক পুলিশ বক্সের সামনে নামিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তাকে অনেক খোঁজাখুঁজির পর ৫ নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফারদিনের বাবা নূর উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চার বছর ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফারদিনের। তারা একটি ডিবেট ক্লাবেরও সদস্য। ৪ নভেম্বর ঘোরাফেরার পর রাত সোয়া ১০টায় ওই তরুণী বাসায় ফিরে আসেন বলে পুলিশকে তথ্য দেন তিনি। সাধারণ ডায়েরি গ্রহণ করে ওই তরুণীসহ অন্যান্যদের সঙ্গে ফারদিনের মোবাইল কল রেকর্ডের সূত্র ধরেই তদন্ত করবে বলে পুলিশ।   

ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন তিনি।