ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে সোমবার

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

এ উপলক্ষে এইচএসসি পরীক্ষার্থী, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (সোমবার) ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে এইচএসসি পরীক্ষার্থী, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহনকে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।