রংপুর সিটির ভোট উৎসবমুখর হচ্ছে, দাবি সিইসির

রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন বেশ উৎসবমুখর হচ্ছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, “এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দেবেন।”

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সিসিটিভি মনিটরিংয়ের একপর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ভোট দিতে গিয়ে ইভিএম ত্রুটির ব্যাপারে সিইসি বলেন, “প্রথমে একটু সমস্যা হয়েছিল এবং তা পরে ঠিক হয়ে যায়। তিনি ভোট দিয়েছেন।”

ইভিএম জটিলতায় অনেকেই ভোট না দিয়ে চলে গেছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, “ইভিএম খানিকটা ধীরগতির কথা শুনেছি। তবে কতজন লোক ভোট না দিয়ে চলে গেছেন সেটি ভোট শেষে মূল্যায়ন করা যাবে।”

রংপুর সিটি করপোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন তিন জন কমিশনার।