নারীর অর্থনৈতিক সুরক্ষার দিক দিয়ে বিশ্বের ১৯০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৪তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় বাংলাদেশের পরে রয়েছে শুধু আফগানিস্তান। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান রয়েছে ১৫৭তম অবস্থানে।
সোমবার (৬ মার্চ) বিশ্বব্যাংকের “ওমেন, বিজনেস অ্যান্ড দ্য ল-২০২৩” শীর্ষক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
কাজের জন্য বিচরণ-সুবিধা, কর্মপরিবেশ, বেতন-মজুরি, বিবাহ, অভিভাবকত্ব, উদ্যোক্তা, সম্পদ ও সরকারি ভাতা- এমন আটটি সূচককে ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, বাংলাদেশে নারীরা এখনো আইনি সুযোগের দিক থেকে পুরুষদের তুলনায় অনেকটাই পিছিয়ে। বিশ্বের ১৯০ দেশের নারীর কর্মক্ষেত্র এবং ব্যবসা-বাণিজ্যে আইনি সুরক্ষার দিক তুলে ধরা হয়েছে।
কর্ম খোঁজার সূচকে বাংলাদেশের নারী ও পুরুষের আইনি সমতা আছে। তবে কর্মক্ষেত্রে বেতন-মজুরির ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।
সূচকে নারী-পুরুষের আইনি সুরক্ষায় ৪৯.৪ স্কোর পেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক ও দক্ষিণ এশিয়ায় গড় পয়েন্ট যথাক্রমে ৭৭.১ এবং ৬৪.৭। বাংলাদেশ দুটোতেই পিছিয়ে।
নারীর চলাচলের স্বাধীনতায় বাংলাদেশের স্কোর ১০০, কর্মক্ষেত্রে ৫০, বেতনের ক্ষেত্রে ২৫, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে ৭৫, সম্পত্তির অধিকারে ৪০, বিয়ে করা ৬০, সন্তান নেওয়া ২০ এবং পেনশন পাওয়ার ক্ষেত্রে স্কোর ২৫।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৮০.৬ স্কোর নিয়ে ৯৪তম অবস্থানে রয়েছে নেপাল; এরপরে ৭৫ স্কোর নিয়ে ১১৬তম ভুটান, ৭৪.৪ স্কোর নিয়ে ভারত ১২১তম, মালদ্বীপ ৭৩.৮ স্কোর নিয়ে ১২৫তম, শ্রীলঙ্কা ৬৫.৬ স্কোর নিয়ে ১৫০তম পাকিস্তান ৫৮.৮ স্কোর নিয়ে ১৫৭তম, ৪৯.৪ স্কোর নিয়ে বাংলাদেশ ১৭৪তম এবং এরপরেই রয়েছে আফগানিস্তান । দেশটি ৩১.৯ স্কোর নিয়ে ১৮৪তম অবস্থানে রয়েছে ।