জাতিসংঘের শান্তিমিশন নিয়ে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের চিহ্নিত করতে বাংলাদেশ পুলিশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (২৪ জুন) বিকেলে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে শেষে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
আইজিপি বলেন, “দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে অনেকেই জড়িত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীনতার স্বপক্ষের শক্তি, প্রধানমন্ত্রীসহ আমরা সকলেই ঐক্যবদ্ধ। যেকোনো ধরনের চক্রান্ত রুখে দেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশ সরকারের আছে। বিভিন্ন দেশে যারা দেশের সম্মান নষ্ট করার জন্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য চক্রান্ত করছেন, তাদের চিহ্নিত করতে কাজ চলছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এ সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য দায়িত্ব পালন করছে।”
পুলিশপ্রধান বলেন, “গত ঈদযাত্রায় চ্যালেঞ্জ ছিল একটা। এবার চ্যালেঞ্জ হচ্ছে তিনটা- যাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়া, পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌসুমি ফলের পরিবহন নিশ্চিত করা। সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছি।”
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি ইউনিট জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলাসহ সবধরনের প্রস্তুতি নিয়ে মাঠে থাকবো। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য টহল টিমের পাশাপাশি মোটরসাইকেল স্কোয়াডও রেডি রাখা হয়েছে।”
সরকারের প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করার করণে গত ঈদযাত্রায় সফলতা এসেছে। এবারও সফলভাবে ঈদযাত্রা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।