বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে অভিনেত্রী ও প্রতিষ্ঠানটির সাবেক প্রধান জনসংযোগ কর্মকর্তা শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাহক।
শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জানান, গত ৪ ডিসেম্বর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ওই গ্রাহক মামলাটি করেন।
মামলায় ফারিয়া ছাড়াও সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার নামও রয়েছে।
তাহসান, মিথিলা ও ফারিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের এবং মো. আবু তাইশ কায়েস।
ফলে, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ফারিয়াসহ মামলার বাকি আসামিরা।
এদিকে মামলার বিষয়ে শবনম ফারিয়া বলেছেন, “হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছে। তবে কেন বা কী জন্য এই হয়রানি তা আমি জানি না।”
তিনি জানান, আমার যদি দোষ থাকতো তাহলে মামলা লড়ার প্রস্তুতি নিতাম। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর সঙ্গে আমার মিলছে না। আমি ইভ্যালি থেকে এক টাকাও পাইনি। তাই অভিযোগগুলোর সঙ্গে আমি সম্পৃক্ত না।
ফারিয়া আরও জানান, তিনি যে মাসে ইভ্যালিতে যুক্ত হয়েছিলেন ইভ্যালির পেমেন্টের পয়েন্ট তার ৭ দিন পরই বন্ধ হয়ে যায়।
তার দাবি, ইভ্যালিতে জয়েন করার পর কখনও এ বিষয়ে কোনো পোস্ট বা প্রমোশন করেননি। তাছাড়া, যোগদানের পরই ইভ্যালিতে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল, তাই প্রতিষ্ঠানটির সঙ্গে তিনি কোনো কাজ করতে পারেননি।
এদিকে, ভুক্তভোগী গ্রাহক সাদ স্যাম রহমান মামলার নথিতে জানান, প্রতারণার মাধ্যমে তার থেকে ৩ লাখ ১৮ হাজার টাকার আত্মসাৎ করেছে ইভ্যালি। আর মামলার অভিযুক্তরা এ বিষয়ে সহায়তা করেছে। এই অর্থ তিনি এখনও উদ্ধার করতে পারেননি।