ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে হিল্লোল দে (৩০) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পুলিশ ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।

নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক ও হাড় বিশেষজ্ঞ ছিলেন। তিনি বোরহান উদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের বাসিন্দা।

ওসি মো. মাহবুবুর রহমান জানান, হিল্লোল দে তার কুঞ্জের হাট বাসা থেকে মোটরসাইকেলে করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফরাজি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চিকিৎসক মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।