ভোলার চরফ্যাশন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এটি ভোলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম নারীর মৃত্যুর ঘটনা।
বুধবার (২ আগস্ট) রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যান তিনি।
হাজেরা বেগমের বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার নীলকমল ইউনিয়নে।
হাজেরা বেগমের ভাই লোকমান জানান, ৩০ জুলাই হাজেরা বেগমের ডেঙ্গু শনাক্ত হয়। তাকে ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুধবার তার শরীর অস্বাভাবিকভাবে ফুলে উঠলে স্বজনরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে ওঠার সময় খিঁচুনি শুরু হয়। ঘটনাস্থলেই তিনি সেখানেই মারা যান।
চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন বসাক ঢাকা ট্রিবিউনকে বলেন, “ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই ওই নারী মারা গেছেন। আগে কোনো হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা হয়েছে কি-না তা জানা যায়নি। এ পর্যন্ত চরফ্যাশনে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।”
ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, “ভোলায় দ্রুত ডেঙ্গু রোগী বাড়ছে। এজন্য মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।”
এর আগে গত ২১ জুলাই বুধবার ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রাজিব নামে এক তরুণের মৃত্যু হয়।