‘সুন্দরবন থেকে আনা’ বলে ভেজাল মধু বেচতেন মসজিদের মুয়াজ্জিন

খুলনায় সুন্দরবনের খাটি মধুর নামে ভেজাল মধু বিক্রির অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৭) নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।  এ সময় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে ৬০০ লিটার লিটার ভেজাল মধু জব্দ করা হয়। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

পুলিশ জানায়, “খুলনা মধু ঘর” নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিএসটিআইয়ের সিল নকল করে দীর্ঘদিন ধরে মধুর ব্যবসা করে আসছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি স্থানীয় জোড়াবাড়ী মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি খালিশপুর এলাকার কাশিপুরের বাইতিপাড়ার পোড়াবাড়ি মসজিদ কোয়ার্টার এলাকায়।

কেএমপি কর্মকর্তা রাশিদা বেগম বলেন, “খুলনার খালিশপুরে ‘খুলনা মধু ঘর’ নামে একটি প্রতিষ্ঠানে মঙ্গলবার অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিষ্ঠান থেকে ৬০০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।”