প্রধান বিচারপতি: সংবিধান সংরক্ষণ করা আমাদের পবিত্র দায়িত্ব

সংবিধান সংরক্ষণ করা বিচার বিভাগের সবার পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

নবনিযুক্ত প্রধান বিচারপতি বলেন, “এই স্মৃতিসৌধ আমাদের শহিদদের আত্নত্যাগের সম্মানে নির্মিত। আমি এবং আমার সহকর্মীরা এখানে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তাদের আত্নত্যাগে দেশ স্বাধীন হয়েছে, সংবিধান তৈরি হয়েছে। এই সংবিধানকে সংরক্ষণ করা আমি ও আমার সহকর্মীদের প্রত্যেকের পবিত্র দায়িত্ব। আমরা সেভাবেই শপথ নিয়েছি। এই শপথে বলিয়ান থাকার জন্য আবারও এলাম স্মৃতিসৌধে।”

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এক মিনিট নিরবতা পালন করেন এবং সৌধের পরিদর্শন বইয়ে সই করেন।

এর আগে, এদিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়।