কুয়াকাটায় হাজারো পর্যটক, খালি নেই হোটেল-মোটেল

বিশ্ব পর্যটন দিবস ও ঈদে মিলাদুন্নবীসহ সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুরতে গেছেন হাজার হাজার পর্যটক। দীর্ঘদিন পর বিপুলসংখ্যক পর্যটকের আগমনে প্রাণ ফিরেছে পর্যটন ব্যবসায়। কুয়াকাটার জিরো পয়েন্ট, লেম্বুর চর, শুঁটকিপল্লি, জাতীয় উদ্যানসহ আকর্ষণীয় স্পটগুলোর কোথাও ফাঁকা নেই। দুই দিন আগেই বুকিং হয়ে গেছে শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট-গেস্টহাউস।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে কুয়াকাটায় এসকল পর্যটকের আগমন ঘটে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। এবার দুই দিন আগেই শতাধিক হোটেল-মোটেলের কক্ষ বুকিং শেষ হয়ে গেছে। এখনও পর্যটক আসছেন।

এ বিষয়ে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “প্রতি বছরের এমন সময়ে বেশি পর্যটক আসেন। তবে এবার পর্যটন মেলার আয়োজন করায় পর্যটকের সংখ্যা অনেক বেড়ে গেছে। বুধবার থেকে মেলা শুরু হয়েছে, চলবে শুক্রবার পর্যন্ত।”

তিনি আরও বলেন, “পর্যটক বেশি আসায় আবাসিক হোটেল-মোটেলসহ পর্যটনকেন্দ্রিক সবকিছুর ওপর চাপ পড়েছে। দুই দিন আগেই হোটেল-মোটেল বুকিং শেষ হয়ে গেছে। আজও অনেক পর্যটক এসেছেন। আশা করা যায়, আগামী দুই দিনে আরও আসবে।”

খুলনা থেকে কুয়াকাটায় ঘুরতে আসা হাসান মামুন বলেন, “আগেও কয়েকবার এখানে এসেছি। তবে এবার অন্যান্যবারের তুলনায় পর্যটক বেশি দেখছি।”

কানসাই ইন হোটেলের স্বত্বাধিকারী নাসির উদ্দিন বিপ্লব বলেন, “আমার হোটেলের ২০টি কক্ষ আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত বুকিং হয়ে গেছে।”

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, “বুধবার রাতে থেকেই পর্যটক আসতে শুরু করেছেন, এখনও আসছেন। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করেছি আমরা।”

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, “পৌরসভা, উপজেলা প্রশাসন, পর্যটন ব্যবসায়ীরা  মিলে এবার পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় পর্যটকের আগমন বেড়েছে। আশা করছি, শুক্রবার এবং শনিবার পর্যটকের সংখ্যা আরও বাড়বে। কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন চলবে শুক্রবার পর্যন্ত। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা অংশগ্রহণ করবেন।”