আইনমন্ত্রী: নির্বাচন নিয়ে কোনো পরামর্শ দেয়নি মার্কিন পর্যবেক্ষক দল

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে কোনো পরামর্শ দেননি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, “নির্বাচন নিয়ে কোনো পরামর্শ দেননি তারা, শুধু জানতে চেয়েছেন। সাইবার নিরাপত্তা আইন, জুডিশিয়ারি বিষয়ে জানতে চেয়েছেন। আমি জুডিশিয়ারির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরেছি। মামলাজট বিষয়ে জানতে চেয়েছেন, এ জন্য আমরা কী করেছে সেটি বলেছি।”

বুধবার (১১ অক্টোবর) ঢাকায় সফররত মার্কিন দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।

বিরোধী দলের সঙ্গে সংলাপের বিষয়ে কোনো পরামর্শ দিয়েছে কি-না জানতে চাইলে আনিসুল হক বলেন, “সংলাপ হবে কিনা জানতে চাননি তারা। কেউ নির্বাচনে আসবে না এমন আশঙ্কা করা হচ্ছে কিনা, এটা জিজ্ঞাসা করেছেন। আমি বলেছি, শেখ হাসিনার সরকার চায় সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না- সেটা সেই দলের সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “প্রতিনিধি দলের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে করা সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে কথা হয়েছে। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়েও কথা হয়েছে।”

“তাদের বলেছি, ‘শেখ হাসিনার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের জনগেণের কাছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন আওয়ামী লীগ করেছে- তা এই উপমহাদেশে নেই’।”

আইনমন্ত্রী বলেন, “নির্বাচন কমিশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার জন্য আইনের কিছু পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন করা হয়েছে। আমি বলেছি, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন সংক্রান্ত যেসব অফিস-আদালত, ডিপার্টমেন্ট আছে- সেগুলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে’।”