বাণিজ্যমন্ত্রী: আগামী বছরের শুরুতে বাজার স্বাভাবিক হবে

আগামী বছরের শুরুতেই নিত্যপণ্যের বাজার স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, “রবি মৌসুমের ফসল ঘরে না আসা পর্যন্ত নিত্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই।”

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, “সরকার আলুর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সাড়া দেশের হিমাগারগুলোতে কত আলু আছে তা পর্যালোচনা করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগাম আলু এলেই দাম কমে আসবে।”

জাতীয় নির্বাচন ও রোজা খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে কোনো প্রভাব ফেলবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, “বিশ্বমন্দা অর্থনীতিতে কম-বেশি সব দেশেই প্রভাব ফেলেছে। সেদিক থেকে বাংলাদেশ অনেক ভালো আছে।”

এ সময় জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য তুহিন চৌধুরী, ওয়াসিমুল বারী শিমু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ অন্য আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।