সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ চলছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু এই অবরোধ চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
অবরোধের প্রথম দিন রাজধানীসহ সারাদেশে গণপরিবহন প্রায় চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতিও। রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে যথাসময়ে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের।
অবরোধকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গার্মেন্টসকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতা সোমবার রাজধানীসহ সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।”
এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি।এরপর দলের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো।দ্বিতীয় দফায় অবরোধ দেওয়া হয় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত। এরপর তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর এবং চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর অবরোধ দেওয়া হয়।