সাজেকে সীমান্ত সড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ছয়নাল ছড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গিয়ে চালক মনু মিঞা নিহত হয়েছেন। এতে ট্রাকের হেলপার গোলজার আহম্মেদ গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক।

জানা গেছে, নিহত ট্রাকচালক চকরিয়া থানার ফাইস্যাছড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আহত হেলপার গোলজার আহম্মেদকে উদ্ধার করে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

ওসি বলেন, “একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়াতে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছি।”