দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর সংসদীয় আসনে (পার্বত্য রাঙ্গামাটি) প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাঁচজন। যাচাই-বাছাইয়ে তাদের মধ্যে সবার প্রার্থিতাই বহাল রয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন সহকারী রির্টানিং অফিসার সাইফুল ইসলাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে লড়বেন- আওয়ামী লীগের দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুন রশীদ মাতব্বর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে, তৃণমূল বিএনপির শাহ হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী (অনিবন্ধিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত) ঊষাতন তালুকদার।
আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে এই আসনে এমপি প্রার্থী হতে সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে জমা দেন পাঁচজন।
তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।