বনশ্রীতে গৃহকর্মীকে হত্যার অভিযোগ, উত্তেজনা-ভাঙচুর

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীকে হত্যার অভিযোগে এক বাড়িতে ভাঙচুর ও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত এলাকাবাসী। বিক্ষুব্ধদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বনশ্রীর “ডি” ব্লকের একটি বাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে জানান, আসমা বেগম (৩৩) নামে গৃহকর্মী মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ওই বাড়ির সামনে গেলে স্থানীয়রা লাশ উদ্ধারে বাধা দেয়। তারা ওই বাড়ির গ্যারেজে রাখা দুটি গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

ওসি আরও বলেন, “বাড়ির মালিক সাবেক ট্যাক্স কমিশনার দেলোয়ার হোসেন। তার ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান সকাল ৮টার পরে পুলিশকে ফোন করে গৃহকর্মীর উপর থেকে পড়ে মারা যাওয়ার খবর জানান।”

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়তুল ইসলাম খান অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “একজন গৃহকর্মী সেখানে মারা গেছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে আমরা নিশ্চিত নই। বাড়ির সামনে তার লাশ পড়ে থাকায় উত্তেজিত জনতা সেখানে ভাঙচুর চালিয়েছে।”