ভোটের মাঠে গুজবের শঙ্কা, ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার পরামর্শ

নির্বাচনের দিন নানা ধরনের গুজবের বিষয়ে সতর্ক থাকতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, “মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যম- এ দুই মাধ্যমে নির্বাচন আয়োজনকারী কর্মকর্তাদের কাছে গুজব আসতে পারে বলে তথ্য মিলেছে।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ভোটের মাঠে আচরণবিধি প্রতিপালনে কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের কাছে তথ্য আছে। দুই ধরনের গুজব আসবে। একটা হচ্ছে আপনার কাছে ফোন আসবে। ‘ওই এলাকায় মার্ডার হয়েছে, পাঁচজন আটকে রাখছে- এদিকে মুভ করেন’। আরেকটা গুজব হচ্ছে সাইবারভিত্তিক গুজব। এসব গুজব এলে কোথায় জানাতে হবে তা জেলা প্রশাসক জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা লিংকটা কার কাছে পাঠাতে হবে। এ বিষয়ে তাদেরকে ওয়েল সার্কুলেট করেছি, আবারও করব। কন্ট্রোল রুম বা আইন শৃঙ্খলা সমন্বয় সেলে জানাবেন। জেলা প্রশাসন সেল বা আমাদের কাছে পাঠিয়ে দিলে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে পারব।”

গুজব রোধে নেওয়া পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “গুজবের খবর এলে আপনি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ক্রস চেক না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি জেলায়, উপজেলায় কোর কমিটি রয়েছে। বাহিনী প্রধানদের নিয়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সমন্বয় সেল থাকবে। যাই ঘটুক তাদের কাছে তথ্য থাকবে। ক্রস চেক করে অ্যাকশনে যাবেন।”

জননিরাপত্তা বিভাগের এই কর্মকর্তা বলেন, “ভোটের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব অনেক সময় ভয়ঙ্কর আকার ধারণ করে। অপরিচিত ফোনে আপনাদের বিভ্রান্ত করতে পারে। আপনাদেরকে সরিয়ে দেওয়ার জন্য ফোনগুলো আসতে পারে। মিস লিড কেরতে পারে। এটা যাচাই করতে হবে। এছাড়া রিটার্নিং অফিসারের সিগন্যাল ছাড়া অনত্র যাবেন না।”

মোস্তাফিজুর রহমান বলেন, “ভোটারদের যাতায়াত সুবিধা বিবেচনায় নিয়ে ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে। তবে মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।”

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থবিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।