ঘন কুয়াশায় কার্গো জাহাজে ‘সুন্দরবন-১৬’ লঞ্চের ধাক্কা, নিখোঁজ ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশায় একটি কার্গোতে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী লঞ্চ। ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী “সুন্দরবন-১৬” এবং নোঙর করে রাখা “মার্কেন্টাইল-৩” কার্গো জাহাজের মধ্যে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে এখলাসপুর গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে রিনা নামে এক যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের অন্য একটি লঞ্চের মাধ্যমে উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

বিষয়টি অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান।

তিনি জানান, পাঁচ শতাধিক যাত্রী নিয়ে “সুন্দরবন-১৬” লঞ্চটি রাত সাড়ে ৯টায় বরিশালের উদ্দেশে যাত্রা করে। রাত দেড়টার দিকে মেঘনা নদীতে নোঙর করা রাখা “মার্কেন্টাইল-৩” কার্গো জাহাজটিকে ধাক্কা দেয়। এতে “সুন্দরবন-১৬” লঞ্চটির মাঝখানে কিছু অংশ ভেঙে যায়।

দুর্ঘটনাকবলিত লঞ্চ/কোলাজ

তিনি আরও জানান, ধাক্কার লাগার পরেও লঞ্চটি নদীর কিনারে ভেড়াতে সক্ষম হয়। যাত্রীদের মধ্যে একজনের পা ভেঙে গেছে, তাকে প্রাথমিকভাবে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রিনা বেগম নামে সেনাবাহিনীর এক সার্জেন্টের স্ত্রী নিখোঁজ রয়েছেন। তাকে খোঁজাখুঁজির কাজ ফায়ার সার্ভিস অব্যাহত রেখেছে।

চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, “দুর্ঘটনাকবলিত লঞ্চটির সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। “সুন্দরবন-১৫” লঞ্চের মাধ্যমে অর্ধেক যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের নেওয়ার জন্য “সুন্দরবন-১৪” আসছে। এ ঘটনায় এক যুবকের পা ভেঙে গেছে। এছারাও এক নারী যাত্রী নদীতে নিখোঁজ রয়েছেন। তাকে খোঁজাখুঁজির কাজ অব্যাহত রয়েছে।”